চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় নির্যাতনের শিকার চার বছরের শিশুটিকে দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (২১ মে) রাতে তিনি হাসপাতালে গিয়ে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় শিশুটির পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শিশুর প্রতি এ ধরনের নৃশংস ঘটনা অত্যন্ত মর্মান্তিক। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
পরে হাসপাতালে চিকিৎসাধীন আহত কয়েকজন সাংবাদিকের অবস্থাও জানতে চান তিনি। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে নগরীর নূর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার একটি ডেকোরেশন গুদামে চার বছরের শিশুটিকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। পরে সেখানে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে বাকলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!