সারাদেশ

সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

আপডেট: মে ২২, ২০২৬ : ০৬:০২ এএম
সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

সিলেটে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশু মারা গেছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। একই সময়ে নতুন করে ৭৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার (২২ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুইজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, দুইজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং একজন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৮৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী ল্যাব পরীক্ষায় শনাক্ত হয়নি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ মে পর্যন্ত বিভাগে মোট ১৫৮ জন ল্যাব-নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের ক্ষেত্রে হাম নিশ্চিত হয়েছে, বাকিদের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এদিকে রোগীর চাপ বাড়ায় সিলেটের হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০টি এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে আরও শয্যা বাড়ানো হবে বলে জানিয়েছে হাসপাতাল প্রশাসন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!