কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলায় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন। আজ বুধবার সকালে এসব ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্টা গ্রামের আসিবুল্লাহ সজীব (২০), চরফরাদী ইউনিয়নের চর তেরটেকিয়া গ্রামের মেহেদী হাসান রাসেল (২৩) এবং হোসেনপুর উপজেলার হাফিজ উদ্দিন (৭৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার কোষাকান্দা এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আসিবুল্লাহ সজীব ও চালক রিয়াদ গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সজীবের মৃত্যু হয়।
অন্যদিকে সকালে পাকুন্দিয়া উপজেলার চর তেরটেকিয়া গ্রামে বাড়ির পাশের জমিতে কাজ শেষে স্থানীয় একটি মুদি দোকানে বিশ্রাম নিতে যান মেহেদী হাসান রাসেল। এ সময় দোকানের টিনের বেড়ায় হেলান দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে হোসেনপুর উপজেলায় নিজ বাড়ির সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশার ধাক্কায় হাফিজ উদ্দিন নিহত হন। স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনার পর চালক অটোরিকশাসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার বলেন, ঘটনাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক অটোরিকশা ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!