ঢাকাসহ দেশের ৪৮ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এদিকে চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ওই দিন রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
শনিবার ও রোববারও দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে বৃষ্টিপাত বাড়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটতে আরও কিছুটা সময় লাগতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!