সারাদেশ

কুমিল্লায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

আপডেট: জুন ০৭, ২০২৬ : ০৪:২৮ এএম
কুমিল্লায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁরা দিনমজুর ছিলেন।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর বহনকারী একটি অটোরিকশা রতনপুর বাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা শাহআলী সুপার পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুজন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা দিনমজুর ছিলেন এবং কাজের সন্ধানে রতনপুর বাজারের দিকে যাচ্ছিলেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায় নির্ধারণে তদন্ত চলছে।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!