সারাদেশ

ময়মনসিংহে ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে চলাচল বন্ধ

আপডেট: জুন ১০, ২০২৬ : ০৫:৩৮ এএম
ময়মনসিংহে ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে চলাচল বন্ধ

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১২ মিনিটের দিকে ময়মনসিংহ শহরের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় পৌঁছালে একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ট্রেনটির সামনের কয়েকটি বগি নিরাপদে অতিক্রম করলেও একটি পাওয়ার কার লাইনের বাইরে চলে যায়। সেটি উদ্ধারে রেলওয়ের উদ্ধারকারী দল কাজ করছে।

ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং লাইনচ্যুত বগি উদ্ধারে কার্যক্রম চলছে।

উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে এ রুটে চলাচলকারী কয়েকটি ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্মকর্তারা জানান, দ্রুততম সময়ের মধ্যে লাইন স্বাভাবিক করে ট্রেন চলাচল পুনরায় শুরু করার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!