সারাদেশ

মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান সিএমপি কমিশনারের

আপডেট: জুন ২২, ২০২৬ : ০৪:৩৮ এএম
মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান সিএমপি কমিশনারের

মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক প্রতিরোধ ও নৈতিক মূল্যবোধের বিকাশকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

রোববার চট্টগ্রাম সরকারি সিটি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয় ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।

হাসান মো. শওকত আলী বলেন, মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও শুধু আইন প্রয়োগ করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এর জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, পরিবারই সামাজিক প্রতিরোধের প্রথম ভিত্তি। পরিবার থেকে সন্তানদের মধ্যে নৈতিক শিক্ষা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পারলে মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

সিএমপি কমিশনার আরও বলেন, তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদকাসক্তির ঝুঁকি অনেকাংশে কমানো যাবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তরুণদের সঠিক পথে পরিচালিত করার বিকল্প নেই।

সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা এবং কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!