দেশজুড়ে ইউনিয়ন পর্যায়ে সরকারি খাতে গবাদিপশুর কৃত্রিম প্রজনন (এআই) সেবা আগামী বুধবার (১ জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি। দীর্ঘদিন ধরে নির্ধারিত মজুরি ও চাকরির নিশ্চয়তা না পাওয়ার প্রতিবাদে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আজাদ হোসেন এ ঘোষণা দেন। লিখিত বক্তব্যে আজাদ হোসেন বলেন, ১৯৯৭ সাল থেকে ইউনিয়ন পর্যায়ের এআই টেকনিশিয়ানরা গবাদিপশুর জাত উন্নয়ন, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বর্তমানে দেশে দুধ ও মাংস উৎপাদনে যে অগ্রগতি হয়েছে, তার পেছনে মাঠপর্যায়ের এআই টেকনিশিয়ানদের অবদান উল্লেখযোগ্য।
তিনি বলেন, দীর্ঘদিন বিনা বেতনে কাজ করার পর আন্দোলনের মুখে ২০১৬ সালে মাসিক ৫০০ টাকা এবং ২০১৯ সালে ২ হাজার টাকা ভাতা চালু করা হয়। তবে ২০২৪ সালের জুনে নয় মাসের বকেয়া রেখে সেই ভাতাও বন্ধ করে দেওয়া হয়।
সংগঠনের দাবি, বর্তমানে প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে ৫ হাজার ২৭২ জন এআই টেকনিশিয়ান তিন থেকে ৩০ বছর ধরে কাজ করছেন। অতীতে তাঁদের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও আইনি জটিলতার কারণে সেই প্রক্রিয়া বাস্তবায়ন হয়নি।
আজাদ হোসেন বলেন, যেকোনো পদ্ধতিতে টেকনিশিয়ানদের জন্য একটি নির্ধারিত মজুরি নিশ্চিত করে তা বাস্তবায়নের দৃশ্যমান উদ্যোগ না নেওয়া পর্যন্ত তাঁরা সরকারি দায়িত্বে ফিরবেন না।
তিনি প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাঁদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!