চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও আলিম পরীক্ষা। এবার বোর্ডটির অধীনে মোট ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ১১৪টি কেন্দ্রে ২৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৯০৩ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার ২৩৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১ হাজার ৫৩৯ জন এবং গার্হস্থ্য বিজ্ঞান বিভাগে ৮ জন রয়েছে।
জেলাভিত্তিক হিসেবে চট্টগ্রাম মহানগরে ৩৬ হাজার ৬৮৩ জন, চট্টগ্রাম জেলায় ৭০ হাজার ৯৭৪ জন, কক্সবাজারে ১২ হাজার ২৫৫ জন, রাঙামাটিতে ৫ হাজার ৪৩৯ জন, খাগড়াছড়িতে ৭ হাজার ৩৫৩ জন এবং বান্দরবানে ৩ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
পরীক্ষা কেন্দ্রের মধ্যে চট্টগ্রাম মহানগরে রয়েছে ২৬টি, চট্টগ্রাম জেলায় ৬৮টি, কক্সবাজারে ১৮টি, রাঙামাটিতে ১০টি, খাগড়াছড়িতে ১০টি এবং বান্দরবানে ৮টি কেন্দ্র।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে পরীক্ষা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরের সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!