টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে কুড়িগ্রামের তিস্তা, দুধকুমার ও ধরলাসহ প্রধান নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সতর্ক অবস্থানে রয়েছে।
বুধবার সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের তথ্যে দেখা যায়, তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ২৮ দশমিক ৮২ মিটার। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে তা ১৪ সেন্টিমিটার বেড়ে সকাল ৯টায় ২৮ দশমিক ৯৬ মিটারে পৌঁছায়। এ সময় নদীটির পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
একই সময়ে দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে পানির উচ্চতা ১ সেন্টিমিটার এবং ধরলা নদীর তালুকসিমুলবাড়ী পয়েন্টে ২ সেন্টিমিটার বেড়েছে। তবে কুড়িগ্রাম সেতু পয়েন্টে ধরলা নদীর পানি ১ সেন্টিমিটার কমেছে। ব্রহ্মপুত্রের চিলমারী পয়েন্টে পানির স্তর অপরিবর্তিত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় চিলমারী উপজেলায় ১৫০ মিলিমিটার, পাটেশ্বরী এলাকায় ৫৪ মিলিমিটার এবং কুড়িগ্রাম সদরে ৫২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পাউবোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তিস্তাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা স্পর্শ করতে পারে। এ কারণে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
পানি বাড়তে শুরু করায় তিস্তা অববাহিকার ঘড়িয়ালডাঙ্গা চরের নিচু এলাকার ফসলি জমি এবং কিছু বসতভিটায় ইতোমধ্যে পানি ঢুকেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু বলেন, নদীভাঙন ও বন্যাকবলিত চরাঞ্চলের মানুষের দীর্ঘমেয়াদি দুর্ভোগ দূর করতে স্থায়ী ভাঙনরোধে কার্যকর উদ্যোগ এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বেনজির আহমেদ জানান, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার বিভিন্ন উপজেলায় ইতোমধ্যে ২৮৫ মেট্রিক টন জিআর চাল, ১ লাখ ৬২ হাজার টাকা এবং ৮০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!