সারাদেশ

বান্দরবানে পাহাড়ধসে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

আপডেট: জুলা ০৯, ২০২৬ : ০৫:৪৭ এএম
বান্দরবানে পাহাড়ধসে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অপর ঘটনায় এক দম্পতি রয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আজিজনগরের বাসিন্দা মো. ইউনুস (৪০), তাঁর স্ত্রী রানু আক্তার (৩৫) ও তাঁদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমান। অপর ঘটনায় নিহত হয়েছেন মো. জুয়েল (৩৪) ও তাঁর স্ত্রী কুলছুমা আক্তার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে টানা বৃষ্টির মধ্যে পাহাড়ধসের পর স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান। পরে পৃথক দুটি স্থান থেকে মাটিচাপা অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হলেও তাঁদের মৃত পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, একই এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

এদিকে কয়েক দিনের টানা বর্ষণে লামাসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে এবং সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে।

জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানালেও অনেকেই এখনো সেই নির্দেশনা অনুসরণ করছেন না।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!