সারাদেশ

কমিটি গঠন নিয়ে বিরোধ, রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

আপডেট: জুলা ১৪, ২০২৬ : ০৫:১৫ এএম
কমিটি গঠন নিয়ে বিরোধ, রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে দূরপাল্লাসহ সব রুটের বাস চলাচল মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে। মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে শ্রমিকদের একাংশ কর্মবিরতির ডাক দিলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বাস টার্মিনালে এসে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার সকালে রাজশাহীর নওদাপাড়া ও শিরোইল বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন পরিবহনের কাউন্টারেও টিকিট বিক্রি স্থগিত রাখা হয়েছে। এর আগে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন ও নির্বাচন আয়োজন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবিত কমিটিতে জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর, রাজশাহী মহানগর পুলিশ এবং শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি রাখার বিষয়টি নিয়ে আলোচনা হয়।

তবে নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্তির প্রস্তাবের বিরোধিতা করেন শ্রমিকদের একটি পক্ষ। এ নিয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়। পরে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

বৈঠক শেষে শ্রমিকদের একাংশ তাৎক্ষণিকভাবে বাস চলাচল বন্ধের ঘোষণা দিলেও কিছু সময় পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে মঙ্গলবার সকাল থেকে আবারও সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম বলেন, নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে মতবিরোধ থেকেই এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল দাবি করেন, শুরুতে বাস চলাচল স্বাভাবিক ছিল, পরে কিছু রুটে তা বন্ধ হয়ে যায়। তবে বিভিন্ন বাস কাউন্টার সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে সব রুটেই বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে বাস চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে প্রশাসনের আলোচনা অব্যাহত রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!