সারাদেশ

কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা, স্বর্ণের চামচও

আপডেট: জুলা ১৫, ২০২৬ : ০৫:১৭ এএম
কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা, স্বর্ণের চামচও

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স খুলে এবার প্রায় ১৩ লাখ টাকা, স্বর্ণালঙ্কার, একটি স্বর্ণের চামচ এবং বিদেশি মুদ্রা পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে স্থানীয় প্রশাসন, মসজিদ কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। পরে দীর্ঘ সময় ধরে দানবাক্সে জমা হওয়া অর্থ গণনা করা হয়।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, এবার দানবাক্স থেকে মোট ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা পাওয়া গেছে। নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন স্বর্ণালঙ্কার, একটি স্বর্ণের চামচ এবং ভারত ও মালয়েশিয়ার মুদ্রাও পাওয়া যায়।

স্থানীয় সূত্র জানায়, নওগাঁর ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ দেশের অন্যতম দর্শনীয় প্রত্নতাত্ত্বিক স্থাপনা। পাঁচ টাকার নোটে স্থান পাওয়া এই মসজিদে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসেন। অনেকেই মানত ও দান হিসেবে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী দানবাক্সে জমা রাখেন।

মসজিদে প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলা হয়। সেই নিয়ম অনুসারেই এবারও প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্স খোলা এবং অর্থ গণনার কাজ সম্পন্ন হয়।

এ সময় মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মসজিদের ইমাম, খাদেম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মসজিদ কমিটির সভাপতি ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, দানবাক্স থেকে পাওয়া অর্থ ও স্বর্ণালঙ্কারের হিসাব স্বচ্ছতার সঙ্গে সংরক্ষণ করা হবে। এসব অর্থ মসজিদের রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কাজ এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হবে। পাশাপাশি ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক স্থাপনার সংরক্ষণেও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!