চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার সকালে শাহরাস্তির বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে যশোরের উদ্দেশে ছেড়ে আসা আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও উদ্ধার কার্যক্রমে যোগ দেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ চলছে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা ভালো নয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!