সারাদেশ

যশোরে পুলিশ শহীদ স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, সংস্কার করে পুনঃস্থাপন করবে

আপডেট: আগ ১২, ২০২৬ : ০৫:৪১ এএম
যশোরে পুলিশ শহীদ স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, সংস্কার করে পুনঃস্থাপন করবে

যশোর কোতোয়ালি মডেল থানার অভ্যন্তরে থাকা মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ ধ্বংস করা হবে না। নতুন থানা ভবন নির্মাণের কাজ শেষ হলে স্মৃতিস্তম্ভটি যথাযথ মর্যাদায় সংস্কার করে পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছে যশোর জেলা পুলিশ।

মঙ্গলবার বিকেলে যশোর জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম এ তথ্য জানান। মিরাজুল ইসলাম বলেন, ইউএনডিপির অর্থায়নে দেশের ১০৭টি থানা আধুনিকায়ন প্রকল্পের আওতায় যশোর কোতোয়ালি থানার পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। যশোর গণপূর্ত অধিদপ্তর ছয়তলা ভিত্তির চারতলা ভবনটি নির্মাণ করছে।

জেলা পুলিশ জানায়, প্রায় ২৬ হাজার বর্গফুটের থানা চত্বরে নতুন ভবন নির্মাণের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় পুলিশ সদর দপ্তরের অনুমতি নিয়ে স্মৃতিস্তম্ভটি সাময়িকভাবে সরিয়ে রাখা হবে। ভবন নির্মাণ শেষ হলে সেটি সংস্কার করে আগের মতো যথাযথ মর্যাদায় পুনঃস্থাপন করা হবে।

এর আগে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, মহান মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রতি সবার আবেগ রয়েছে। সেই আবেগে আঘাত লাগে—এমন কোনো কাজ পুলিশ করতে পারে না। এ বিষয়ে জনগণকে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার বলেন, ‘স্মৃতিস্তম্ভটি হয়তো আর রাখা হবে না’—এমন ধারণা থেকে অনেক নাগরিক উদ্বিগ্ন হয়েছেন। তবে বিষয়টি তেমন নয়। নতুন ভবন নির্মাণের পর শহীদ স্মৃতিস্তম্ভটি সংস্কার করে পুনঃস্থাপন করা হবে।

মাদকবিরোধী অভিযানে ২৪৫ জন আটক

প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত যশোরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০টি মামলা করা হয়েছে। এসব মামলায় ২৪৫ জনকে আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৪ জনকে সাজা দেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!