লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা–বুড়িমারী মহাসড়কের সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল (৫০) এবং একই উপজেলার সিঙ্গিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জলিল (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে লালমনিরহাট সদর থেকে একটি ট্রাক বুড়িমারীর দিকে যাচ্ছিল। ট্রাকটি হাতীবান্ধার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি অটোরিকশাটিকে কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী জহুরুল ও আব্দুল জলিল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!