সারাদেশ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জে নেতাকর্মীদের ঢল

আপডেট: আগ ১৬, ২০২৬ : ০৫:২৩ এএম
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জে নেতাকর্মীদের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর এলাকায় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ঢল নেমেছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখার আশায় আজ রোববার কাকডাকা ভোর থেকেই সড়কের দুই পাশে অবস্থান নিতে শুরু করেন তাঁরা।

কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউবা দলবেঁধে। অনেকের হাতে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। সকাল হওয়ার আগেই নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ নির্ধারিত সড়কের বিভিন্ন পয়েন্টে জড়ো হন। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করলেও তাঁদের মধ্যে উৎসাহ-উচ্ছ্বাসের কমতি ছিল না।

আজ বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্ত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও তৈরি হয়েছে উৎসবের আমেজ।

স্থানীয় বাসিন্দারা জানান, তাঁদের অনেকেই জীবনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখার অপেক্ষায় রয়েছেন। ভোর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে সড়কের পাশে অবস্থান নেন।

প্রধানমন্ত্রীকে দেখতে আসা রাসেল মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য ভোরে বাড়ি থেকে বের হয়েছি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তাঁকে দেখতে পারলেই আমাদের অপেক্ষা সার্থক হবে।’

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মির্জাপুর এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। যান চলাচল ও মানুষের অবস্থান নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা।

সকাল থেকেই পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সড়কের দুই পাশে অপেক্ষমাণ মানুষের প্রত্যাশা, দূর থেকে হলেও একবার প্রিয় নেতাকে চোখের দেখা পাওয়া।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!