টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল থেকে বৃষ্টির কারণে নগরের বেশ কিছু সড়কে পানি জমে যায়। এতে কর্মস্থলসহ বিভিন্ন গন্তব্যে বের হওয়া মানুষকে দুর্ভোগে পড়তে হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শেষ তিন ঘণ্টাতেই বৃষ্টি হয়েছে ১০৯ মিলিমিটার।
ভারী বৃষ্টিতে নগরের মুরাদপুর, শুলকবহর, জামালখান, আগ্রাবাদ ও কাতালগঞ্জসহ বেশ কিছু নিচু এলাকার সড়কে পানি জমে যায়। কোথাও কোথাও সড়কের পানি আশপাশের এলাকায়ও ঢুকে পড়ে। এতে পথচারীদের পাশাপাশি যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে।
সকালে বৃষ্টির পরিমাণ বেশি থাকায় নগরের বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায়। এতে কয়েকটি এলাকায় ধীরগতির যান চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া বলেন, সাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে। আগামী দুই থেকে তিন দিন বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, আবহাওয়ার এই পরিস্থিতিতে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
টানা বৃষ্টির কারণে নগরের নিচু এলাকাগুলোতে পানি জমে থাকায় দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!