বগুড়ার শাজাহানপুরে ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের জুবায়েদুল ইসলাম (৩০)। ফেরদৌস মাইক্রোবাসটির চালক ছিলেন।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী সাতজন স্বজনকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে করে আক্কেলপুরে ফিরছিলেন। ভোরে মাইক্রোবাসটি নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভুল করে মহাসড়কের বিপরীত লেনে উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসচালক ফেরদৌস ও যাত্রী জুবায়েদুল ঘটনাস্থলেই নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আইয়ুব আলী বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!