সারাদেশ

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৫৪, কিশোর গ্যাংয়ের ৬১৭ জন আটক

আপডেট: অক্টো ১০, ২০২৬ : ০৫:১১ এএম ৪ ০
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৫৪, কিশোর গ্যাংয়ের ৬১৭ জন আটক

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের আওতাধীন ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১ হাজার ১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬১৭ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে ৪৫৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৬০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে উদ্ধার ইয়াবা ও গাঁজা

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৪ জন, পূর্ববর্তী মামলায় ৭০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৫০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩২ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন পরোয়ানায় ১৭৬ জন এবং সাজা পরোয়ানায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৯৫ জনকে। তাঁদের মধ্যে একজন মাদক বহনকারী এবং ৯৪ জন মাদকসেবী। এ ছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ১২ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় এবং ৪১টি মাদক মামলা করা হয়।

অভিযানে ৭ হাজার ৬৪৪টি ইয়াবা বড়ি, ৩৮ কেজি ১৪০ গ্রাম গাঁজা, ১৯৮ লিটার চোলাই মদ, ৪৯ বোতল বিদেশি মদ, দুই ক্যান বিয়ার ও ১০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৩ সদস্য গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চট্টগ্রামে চারজন, কক্সবাজারে দুজন, কুমিল্লায় দুজন, চাঁদপুরে একজন, নোয়াখালীতে দুজন এবং খাগড়াছড়িতে দুজন রয়েছেন।

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫৩ জন আটক

কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আটক করা হয়েছে কুমিল্লায়, ২৫৩ জন। এ ছাড়া লক্ষ্মীপুরে ১২৮ জন, চট্টগ্রামে ৮১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৪১ জন, নোয়াখালীতে ৩৪ জন, রাঙামাটিতে ৩০ জন, কক্সবাজারে ১৮ জন, খাগড়াছড়িতে ১৭ জন, চাঁদপুরে ১০ জন এবং ফেনীতে পাঁচজনকে আটক করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!