সারাদেশ

সরকারি নির্মাণকাজের মানের সঙ্গে আপস করা যাবে না: আবু সুফিয়ান

আপডেট: অক্টো ১৮, ২০২৬ : ০৫:১৭ এএম ৩ ০
সরকারি নির্মাণকাজের মানের সঙ্গে আপস করা যাবে না: আবু সুফিয়ান

সরকারি ভবন নির্মাণে গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি বলেছেন, নির্মাণকাজের মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। সামান্য অর্থ সাশ্রয় করতে গিয়ে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি বা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, সরকারি ভবন নির্মাণে ব্যবহৃত উপকরণের গুণগত মান বজায় রাখার পাশাপাশি কাজের প্রতিটি পর্যায়ে নির্ধারিত মান অনুসরণ করা জরুরি। নির্মাণকাজে ত্রুটি থাকলে ভবিষ্যতে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। এতে মানুষের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে।

এ জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঠিকাদারদের নির্মাণকাজের মান নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ঠিকাদারদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, ব্যবসায় মুনাফা করা স্বাভাবিক বিষয়। তবে মুনাফার কথা বিবেচনা করে নির্মাণকাজের গুণগত মানের সঙ্গে আপস করা উচিত নয়। প্রয়োজনে নির্মাণব্যয় বাড়লেও কাজের মান বজায় রাখতে হবে।

বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলাম, বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আলহাজ হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, সদস্য আনোয়ার হোসেন লিপু এবং ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম ও সদস্যসচিব হাসনাতসহ অন্যরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!