সারাদেশ

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই: চসিক মেয়র

আপডেট: অক্টো ১৮, ২০২৬ : ০৫:২২ এএম ৩ ০
মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই: চসিক মেয়র

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং সময়মতো আধুনিক চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, মেরুদণ্ডের সুস্থতার সঙ্গে মানুষের স্বাভাবিক জীবনযাপন, কর্মক্ষমতা, আত্মনির্ভরতা ও সামগ্রিক জীবনমান গভীরভাবে জড়িত।

শনিবার (১৭ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) লোয়ার কনফারেন্স হলে বিশ্ব মেরুদণ্ড দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ স্নায়ুগুলোকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এর ভূমিকা অপরিসীম। তাই মেরুদণ্ডের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানো জরুরি।

বিশ্ব মেরুদণ্ড দিবসের এবারের প্রতিপাদ্য ‘সারা জীবন মেরুদণ্ডের যত্ন নিন ও সুস্থ রাখুন’।

মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা এড়াতে দৈনন্দিন জীবনযাপনে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে মেয়র বলেন, দীর্ঘ সময় একটানা বসে থাকা, ভুল দেহভঙ্গি, শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত ওজন এবং অনিরাপদভাবে ভারী বস্তু তোলার অভ্যাস মেরুদণ্ডের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।

এসব ঝুঁকি কমাতে নিয়মিত শারীরিক ব্যায়াম করা, বসা ও ওঠার সময় সঠিক দেহভঙ্গি বজায় রাখা এবং ভারী বস্তু তোলার ক্ষেত্রে নিরাপদ পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। পাশাপাশি বয়স অনুযায়ী হাড়ের যত্ন নিতে হবে। দীর্ঘস্থায়ী ব্যথা দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জসিম উদ্দীন, উপাধ্যক্ষ ডা. মো. আনিসুল হোসেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মাজেদ সুলতান ও ডা. আরাফাত রহমান।

সেমিনার শেষে মেরুদণ্ডের স্বাস্থ্য সুরক্ষা ও এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!