কক্সবাজারে প্রায় ১৯ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের ৬ লাখ ৫২ হাজার ২৪৮টি ইয়াবা বড়ি ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বিভিন্ন সময়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়েছিল।
রোববার (১৮ অক্টোবর) সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবির তথ্য অনুযায়ী, ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা।
বিজিবি জানায়, ২০২৫ সালের ১৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে সীমান্তে পরিচালিত মাদকবিরোধী অভিযানে এসব মাদক জব্দ করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন। এ সময় রামু সেক্টরের সেক্টর কমান্ডার, ৩৪ বিজিবির অধিনায়ক, বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এক বছরে জব্দ ১৬০ কোটি টাকার মাদক ও অন্যান্য মালামাল
বিজিবি আরও জানায়, গত এক বছরে কক্সবাজার ব্যাটালিয়ন ১৬০ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৯২০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করেছে। এসব ঘটনায় ২৮৫ জন আসামিকে আটক করা হয়েছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে ৩৪ বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সীমান্তে নজরদারি জোরদার ও জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে ব্যাটালিয়নটি।
মাদকের বিস্তার রোধ এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!