খুলনার ডুমুরিয়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক ও দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে ও এর আগের রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারমাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ক্রাউন সিমেন্ট কোম্পানির ট্রাকচালক মুন্সিগঞ্জের মোক্তারপুর গ্রামের জিন্নাত মিয়া (৩৫), ডুমুরিয়ার নরনিয়া গ্রামের মাছের আড়তদার আব্দুর রউফ গাজী (৪৩) এবং তাঁর আড়তের কর্মচারী ইউনুস সরদার (২৫)।
হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা থেকে সিমেন্ট খালাস করে ক্রাউন সিমেন্ট কোম্পানির একটি ট্রাক খুলনায় ফিরছিল। পথে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের পাশে এবং বাসটি পাশের খাদে ছিটকে পড়ে।
এ ঘটনায় ট্রাকচালক জিন্নাত মিয়া গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে একই মহাসড়কের আঠারমাইল বাসস্ট্যান্ডের কাছে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রউফ গাজী চুকনগর বাজারের মাছের আড়তদার ছিলেন। মঙ্গলবার রাতে আড়তের কর্মচারী ইউনুস সরদারকে সঙ্গে নিয়ে মাছচাষিদের বকেয়া টাকা পরিশোধ করতে তিনি চুকনগর বাজারে যান। কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে দুজন সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি পারভেজ আহমেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!