নতুন বাজেটে ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর নতুন করে করের বোঝা বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির।
সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল-এ আয়োজিত ‘প্রাক-বাজেট আলোচনা: প্রেক্ষিত বেসরকারিখাতের প্রত্যাশা’ শীর্ষক এক সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগের সরকারের নেওয়া কিছু অযৌক্তিক ও উচ্চাভিলাষী প্রকল্পের কারণে বর্তমানে সরকারের ওপর আর্থিক চাপ রয়েছে। তবে সেই চাপ কাটিয়ে ওঠার চেষ্টা চলছে এবং নতুন করে কর আরোপ না করে অর্থনীতিকে গতিশীল রাখার দিকেই গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে ব্যবসা পরিচালনার ব্যয় কমানো এবং সরকারি সেবা সহজলভ্য করা জরুরি। এসব ক্ষেত্রে সংস্কার আনা ছাড়া বিকল্প নেই।
দেশের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রায় ৪৬০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও বিপুলসংখ্যক মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বাস করছে। একই সঙ্গে করদাতার সংখ্যা তুলনামূলক কম থাকাও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
জ্বালানি খাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংরক্ষণ সক্ষমতার সীমাবদ্ধতার কারণে সরকারকে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে জ্বালানি কিনতে হচ্ছে, যা অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
অনুষ্ঠানে ইন্টারন্যাশন্যাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ-এর সভাপতি মাহবুবুর রহমান বলেন, আগামী বাজেট প্রণয়নে বেসরকারি খাতের সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন। দীর্ঘদিন ধরে জিডিপিতে করের অবদান বাড়ানোর কথা বলা হলেও তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সভায় ব্যবসায়ী নেতারা কর কাঠামো সহজীকরণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং নীতিগত স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!