অর্থনীতি

বাড়ল সোনা ও রুপার দাম

আপডেট: এপ্রি ১৫, ২০২৬ : ০৫:১০ এএম
বাড়ল সোনা ও রুপার দাম

দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার সকাল থেকে কার্যকর হওয়া নতুন দামে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। আগের দিন এ দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও এ সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকায়। ১৮ ক্যারেটের দাম ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩২ টাকায় বিক্রি হবে।
বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ঊর্ধ্বগতির প্রভাবই দেশের বাজারে পড়ছে। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যকে ঘিরে উত্তেজনার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়েছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছায় সোনা। সে সময় ভরিপ্রতি দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় ওঠে, যা এক ধাপে সর্বোচ্চ বৃদ্ধির নজিরও ছিল।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!