অর্থনীতি

মার্চে পুঁজিবাজারে চড়েছে লোকসানি ও দুর্বল শেয়ারের দর

আপডেট: এপ্রি ১৬, ২০২৬ : ০৫:৪৫ এএম
মার্চে পুঁজিবাজারে চড়েছে লোকসানি ও দুর্বল শেয়ারের দর

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও সামগ্রিক বাজার মন্দার মধ্যেও গত মার্চে পুঁজিবাজারে অস্বাভাবিক উত্থান দেখা গেছে দুর্বল ও লোকসানে থাকা কিছু শেয়ারে। বিশেষ করে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতের কয়েকটি কোম্পানির শেয়ারদর উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাসিক পর্যালোচনায় দেখা যায়, মার্চে শীর্ষ ১০ দরবৃদ্ধি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটিই ছিল এনবিএফআই খাতের। এর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ারদর সর্বোচ্চ ১০০ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ টাকা ২০ পয়সায়। প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের শেয়ার ৮৩ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৩ টাকা ৩০ পয়সা হয়। একই সময়ে পিপলস লিজিং ও ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর ৭৬ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৩ টাকায় পৌঁছায়। ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারও ৭০ দশমিক ৫৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ টাকা ৯০ পয়সায়।

এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে টেক্সটাইল খাতের হামিদ ফ্যাব্রিকস ও ফ্যামিলিটেক্স (বিডি), আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রকৌশল খাতের অ্যাটলাস বাংলাদেশ এবং প্যাসিফিক ডেনিমস। এসব কোম্পানির বেশিরভাগই স্বল্পমূল্যের ও স্বল্প মূলধনী শেয়ার।

মার্চে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টি। ফলে সার্বিকভাবে বাজারে নিম্নমুখী প্রবণতাই লক্ষ্য করা গেছে।

এ সময়ে মোট লেনদেন হয়েছে ১০ হাজার ২১১ কোটি টাকা। এর মধ্যে উৎপাদন খাতের অবদান ছিল সর্বোচ্চ ৪৬ দশমিক ৮৬ শতাংশ বা ৪ হাজার ৭৮৫ কোটি টাকা। আর্থিক খাতের অবদান ছিল ২৯ দশমিক ৯৭ শতাংশ এবং সেবা ও বিবিধ খাতের অবদান ২৩ দশমিক ০৯ শতাংশ।

বাজারসংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন দরপতনের কারণে অনেক এনবিএফআই কোম্পানির শেয়ারদর তলানিতে নেমে গিয়েছিল। পুনর্গঠন ও অবসায়ন-সংক্রান্ত অনিশ্চয়তার মধ্যেও এসব শেয়ারের হঠাৎ উত্থান মূলত জল্পনা-কল্পনানির্ভর লেনদেনের ফল।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!