প্রায় দেড় মাস বিরতির পর আবারও বাণিজ্যিক ব্যাংক থেকে মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার একটি ব্যাংকের কাছ থেকে ৭০ মিলিয়ন ডলার কেনা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে এই ডলার কেনা হয়। এ ক্ষেত্রে ডলারের এক্সচেঞ্জ রেট ও কাট-অফ রেট উভয়ই ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।
এর আগে সর্বশেষ ২ মার্চ দুটি ব্যাংকের কাছ থেকে ২৫ মিলিয়ন ডলার কেনা হয়েছিল। তখন কাট-অফ রেট ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে মোট ৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার কিনেছে।
এদিকে প্রবাসী আয় বাড়তে থাকায় বৈদেশিক মুদ্রাবাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। চলতি বছরের মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা একক মাস হিসেবে সর্বোচ্চ। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ ৪৬ হাজার কোটি টাকারও বেশি।
সর্বশেষ তথ্যে দেখা গেছে, এপ্রিলের ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত এসেছে ১৬০ কোটি ৭০ লাখ ডলার। আর চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২ হাজার ৭৮১ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে নেওয়া বিভিন্ন উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নয়ন প্রবাসী আয় বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিল দিন শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ২০ বিলিয়ন ডলার।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!