অর্থনীতি

পুঁজিবাজার আধুনিকায়নে এডিবির কারিগরি সহায়তা চায় বিএসইসি

আপডেট: এপ্রি ১৬, ২০২৬ : ০৫:৫০ এএম
পুঁজিবাজার আধুনিকায়নে এডিবির কারিগরি সহায়তা চায় বিএসইসি

দেশের পুঁজিবাজারের অবকাঠামো উন্নয়ন, বাজার মূলধন বৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কারিগরি সহায়তা নিতে চায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

‘টেকসই অর্থায়ন ও পুঁজিবাজার উন্নয়ন সাব-প্রোগ্রাম-১’–এর আওতায় এই সহায়তা পাওয়ার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) চিঠি দিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিএসইসি।

বিএসইসি সূত্রে জানা গেছে, এডিবির পক্ষ থেকে পাঠানো খসড়া সহায়ক স্মারকলিপির ভিত্তিতে সংস্থাটি প্রথমে গত ১২ জানুয়ারি প্রাথমিক আগ্রহ জানায়। সর্বশেষ চিঠিতে কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, টেকসই অর্থায়ন ও আধুনিক পুঁজিবাজার গড়ে তুলতে তারা এডিবির প্রযুক্তিগত সহায়তা নিতে আগ্রহী।

প্রস্তাবিত এই সহায়তার মাধ্যমে পুঁজিবাজারের অবকাঠামো আধুনিকীকরণ, প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছে কমিশন। একই সঙ্গে বাজার মূলধন বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখবে এই উদ্যোগ।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৯ মার্চ বিএসইসি ও এডিবির প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে কারিগরি সহায়তার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই আলোচনার সারসংক্ষেপও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক সংস্থার সহায়তা পেলে পুঁজিবাজারে সংস্কার কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে ডিজিটাল রূপান্তর ও টেকসই অর্থায়ন খাতে উন্নয়ন ত্বরান্বিত হতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!