রাজধানীর বাজারগুলোতে সবজির দাম বেড়ে গেছে। অধিকাংশ সবজি কেজিপ্রতি ১০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। মৌসুম শেষ, সরবরাহ কম এবং পরিবহন ব্যয় বৃদ্ধিকে এর প্রধান কারণ হিসেবে বলছেন বিক্রেতারা।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারে পটল কেজিপ্রতি ১০০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, বেগুন ১০০ থেকে ১৪০ টাকা, ঝিঙ্গা, ধন্দুল, করলা, শসা ও বরবটি—সবই প্রায় ১০০ টাকায় বিক্রি হচ্ছে। চিচিঙ্গা কেজি ৮০ টাকায় পাওয়া গেলেও অধিকাংশ সবজির দাম ১০০ টাকার আশপাশে বা তার বেশি।
অন্যদিকে মূলা, টমেটো ও ঢেঁড়স কেজিপ্রতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতিটি ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি, কাঁচা কলা হালি ৪০ টাকা এবং কচুর লতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর শান্তিনগর বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী মুকিদুর রহমান বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে সবজির দাম অস্বাভাবিক বেশি। তাঁর অভিযোগ, বাজারে তদারকির অভাব রয়েছে।
বিক্রেতারা বলছেন, মৌসুম শেষ হওয়ায় অনেক সবজির সরবরাহ কমে গেছে। পাশাপাশি পরিবহন ব্যয় বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। মালিবাগ এলাকার এক বিক্রেতা বলেন, পাইকারি বাজার থেকেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে, ফলে খুচরা বাজারেও দাম বেশি রাখতে হচ্ছে।
রামপুরা এলাকার আরেক বিক্রেতার ভাষ্য, নতুন মৌসুমের সবজি বাজারে না আসা পর্যন্ত এই উচ্চমূল্য কিছুদিন থাকতে পারে।
ভোক্তারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সঙ্গে সবজির এমন ঊর্ধ্বগতি তাদের দৈনন্দিন ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে। বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকি জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!