বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল করতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা।
শনিবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কূটনৈতিক ফোরামের বাইরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি।
বৈঠকে দুই দেশের সম্পর্ক শক্তিশালীকরণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
হুমায়ুন কবির বলেন, অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও কৌশলগত সহযোগিতার ভিত্তিতে তুরস্কের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার সুযোগ রয়েছে।
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসাও করেন।
বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হয়। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংলাপ, কূটনীতি এবং বহুপক্ষীয় সহযোগিতার ওপর জোর দেন উভয় পক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশই দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে এবং নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!