আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর দ্বিবার্ষিক (২০২৬–২০২৮) নির্বাচনে সভাপতি পদে ড. মো. আলী আফজাল এবং সিনিয়র সহ-সভাপতি পদে আবদুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন।
শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে গভীর রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে ২৩২ ভোট পেয়ে বিজয়ী হন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান ড. আলী আফজাল। অন্যদিকে সিনিয়র সহ-সভাপতি পদে ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন আবদুর রাজ্জাক।
সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা ৩২ মিনিটে শেষ হয়। পরে সন্ধ্যা ৬টা ১২ মিনিট থেকে ভোট গণনা শুরু হয়ে রাত ১টার দিকে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, সহ-সভাপতি-১ পদে মোহাম্মদ আকতার বিশ্বাস ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি-২ পদে আবু খালিদ মো. বরকতুল্লাহ ২৫৫ ভোট এবং সহ-সভাপতি-৩ পদে এ.এফ.এম. উবাইদুল্লাহ ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। অর্থ বিষয়ক সহ-সভাপতি হিসেবে ড. মো. হারুন অর রশিদ ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি পদে সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোরশেদুল হাসান। আর ঢাকা অঞ্চলের পরিচালক পদে সর্বোচ্চ ৩৩৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মো. লাবিব বিল্লাহ। একই পদে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন উম্মে জাহান আরজু ও হাবিবুর রহমান হাবিব—দুজনেই পেয়েছেন ৩০৪ ভোট।
এ ছাড়া নির্বাচিত অন্যান্য পরিচালকদের মধ্যে রয়েছেন এ.জেড.এম. কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ, শাক কামাল, মো. এমদাদুল হুসাইন সোহেল, ড. এন. জোহা, আলহাজ প্রফেসর মো. ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরাজ সারদার ও আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মো. জাহিরুল হক ভূইয়া। সদস্য ছিলেন আবুল কায়ুম তালুকদার মনি ও হাজী মো. শরিফুল ইসলাম।
আবাসন খাতের বর্তমান চ্যালেঞ্জের প্রেক্ষাপটে রিহ্যাবের এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নতুন নেতৃত্বের মাধ্যমে খাতটির নীতি সহায়তা, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং বাজারে স্থিতিশীলতা ফেরানোর প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!