৩৪ হাজার টন জেট ফুয়েল (বিমানের তেল) নিয়ে চীনের পতাকাবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শনিবার বিকেলে ‘শিং তং ৭৯৯’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দর-এর বহির্নোঙরে আসে।
বন্দর সূত্র জানায়, ১৮২ দশমিক ৫ মিটার দীর্ঘ জাহাজটির ড্রাফট বেশি হওয়ায় এটি সরাসরি জেটিতে ভিড়তে পারেনি। ফলে কুতুবদিয়া উপকূলসংলগ্ন গভীর সমুদ্রে লাইটার জাহাজের মাধ্যমে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।
স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, আংশিক তেল খালাসের পর জাহাজটির ওজন কমলে সেটিকে বন্দরের মূল জেটিতে আনা হবে।
এর আগে গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামের একটি ট্যাংকার বন্দরে আসে।
এ ছাড়া শনিবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী ট্যাংকার ‘প্রিভে অ্যাঞ্জেল’ বন্দরে ভিড়ে। এর আগের দিন তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার ‘এমটি কোয়েটা’ বহির্নোঙরে নোঙর করে।
বন্দর সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের এসব চালান দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!