অর্থনীতি

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

আপডেট: এপ্রি ২৬, ২০২৬ : ০৫:৫২ এএম
পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অতীতে পৃষ্ঠপোষকতার কারণে দেশের সম্পদ এক শ্রেণির মানুষের হাতে কেন্দ্রীভূত হয়েছে, যা অর্থনীতিতে বৈষম্য তৈরি করেছে।

আজ শনিবার সচিবালয়ে নিজ দপ্তরে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, “পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে কিছু লোকের হাতে বিপুল অর্থ চলে গেছে। সেখান থেকে বের হয়ে আসা সহজ নয়। সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, সেটিকে পুনরুদ্ধার করা বড় চ্যালেঞ্জ।”

তিনি আরও বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করেছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড উল্লেখযোগ্য উদ্যোগ। অর্থমন্ত্রী জানান, দেশে দারিদ্র্যের হার ধীরে ধীরে কমলেও এখনো অনেক ব্যবসায়ী আর্থিক চাপে রয়েছেন। বিশেষ করে কর্মচারীদের বেতন পরিশোধ ও ব্যাংক ঋণ পরিশোধে অনেকে সমস্যায় পড়ছেন। সরকারের লক্ষ্য অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা।

আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার ভোকেশনাল শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। “শুধু ডিগ্রি অর্জন নয়, বাস্তব দক্ষতা অর্জনই এখন জরুরি,” বলেন তিনি।

ব্যাংক ঋণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে—এমন ধারণা সঠিক নয়। তার মতে, এটি নিয়মিত আর্থিক ব্যবস্থার অংশ। সভায় অর্থসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইআরএফ-এর পক্ষ থেকে বাজেট নিয়ে ২১ দফা প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার উদ্যোগ জোরদার করা হয়েছে। পাশাপাশি বন্ধ শিল্পকারখানা চালু ও ব্যাংক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানান তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!