অর্থনীতি

কর ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

আপডেট: এপ্রি ২৭, ২০২৬ : ০৫:২৫ এএম
কর ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

দেশের কর ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার—এমনটাই জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, করদাতাদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের জন্য প্রক্রিয়া সহজ করতে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শনিবার রাজধানীতে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইসিএমএবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, অতিরিক্ত পরিশোধিত কর ফেরতের প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করতে কাজ চলছে। পাশাপাশি ই-ট্যাক্স রিটার্ন ব্যবস্থার সঙ্গে করদাতাদের ব্যাংক হিসাবের তথ্য সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াবে।
তিনি আরও বলেন, পেশাজীবীদের গঠনমূলক পরামর্শ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এসব সুপারিশ বাস্তবায়ন করা গেলে করের আওতা বৃদ্ধি এবং করদাতাদের সম্পৃক্ততা বাড়ানো সম্ভব হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএমএবি’র সেমিনার ও কনফারেন্স কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ। আলোচনায় করনীতি সংস্কার, ভ্যাট অব্যাহতি ও ট্যাক্স ভেরিফিকেশন সিস্টেমসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
আইসিএমএবি সভাপতি মো. কাওসার আলম বলেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের জন্য কর-জিডিপি অনুপাত বাড়ানো, করের পরিধি সম্প্রসারণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা জরুরি।
সভায় আইসিএমএবি’র সদস্য, শিক্ষাবিদ ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!