দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দামে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে। এর ফলে দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দামে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, যা আগের তুলনায় কমে দুই লাখ ৪৫ হাজার টাকার নিচে নেমেছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকা দরে বিক্রি হবে।
বাজার সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠানামা দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে আগে দাম বাড়লেও বর্তমানে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
এর আগে জানুয়ারির শেষ দিকে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দামে বড় ধরনের উল্লম্ফন ঘটে। সে সময় এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা পর্যন্ত বাড়িয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছায় সোনা।
বর্তমান মূল্য সমন্বয়ের ফলে বাজারে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!