অর্থনীতি

সিলেটের সাত ইউনিয়নেও মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট: অক্টো ২০, ২০২৬ : ০৫:১৩ এএম ২ ০
সিলেটের সাত ইউনিয়নেও মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে সিলেট সদর উপজেলার সাতটি ইউনিয়নেও একটি করে মাঠ তৈরি করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) সিলেট সার্কিট হাউসে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ জাতীয় পর্যায়ে সিলেট বিভাগের বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, খেলাধুলার বিকাশে সরকার মাঠ ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিচ্ছে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ক্রীড়াবিদদের যথাযথ মর্যাদা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, হকি ও টেনিসসহ বিভিন্ন খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়েরা দেশের গর্ব ও সম্পদ। তাঁদের অর্জনের স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করে দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে হবে।

সিলেটে ক্রীড়া অবকাঠামো উন্নয়নের উদ্যোগ

জাতীয় পর্যায়ে কাবাডি ও ফুটবলে সিলেটের বিজয়ী প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তাঁদের অর্জন সিলেটবাসীর জন্য গর্বের বিষয়।

সিলেটে ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন ও খেলার মাঠের সুযোগ-সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। পাশাপাশি কাবাডি খেলোয়াড়দের অনুশীলনের উপযোগী ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও এম এ মালিক, সিসিকের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী।

এ ছাড়া সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!