অর্থনীতি

সবজি ও মাছের দামে স্বস্তি, চড়া মুরগি-ডিম

আপডেট: অক্টো ২২, ২০২৬ : ০৫:২৯ এএম ২ ০
সবজি ও মাছের দামে স্বস্তি, চড়া মুরগি-ডিম

রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজি ও মাছের দাম। শারদীয় দুর্গাপূজার টানা ছুটিতে ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় মাছের দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। পাশাপাশি শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বেশ কিছু সবজিও মিলছে আগের চেয়ে কম দামে। তবে মুরগি ও ডিমের বাজারে এখনো স্বস্তি ফেরেনি।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

কমেছে যেসব সবজির দাম

বাজারে গত সপ্তাহের তুলনায় শিম, কাঁচামরিচ ও বেগুনের দাম কমেছে। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৮০ টাকা। কাঁচামরিচের কেজি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

সাদা গোল বেগুনের কেজি ১০০ টাকা। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ১২০ টাকা। তবে টমেটোর দাম বেড়েছে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়, যা আগের সপ্তাহের তুলনায় ২০ টাকা বেশি।

এ ছাড়া প্রতি কেজি ধুন্দল ৮০ টাকা, ফুলকপি ৬০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, গাজর ১০০ টাকা, কাঁকরোল ও করলা ৮০ টাকা এবং পটল ও ঢেঁড়স ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি পিস লাউয়ের দাম ৫০ থেকে ৬০ টাকা। এক হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ টাকায়। পেঁপের কেজি ৩০ টাকা।

রামপুরা কাঁচাবাজারের জাহানারা সবজি বিতানের বিক্রেতা ফারুক আহমেদ বলেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় পাইকারি বাজারে দাম কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

মাছের বাজারেও স্বস্তি

সবজির পাশাপাশি মাছের দামও কিছুটা কমেছে। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি বড় রুই ৩৫০ থেকে ৩৬০ টাকা, কাতলা ৪০০ থেকে ৪২০ টাকা, পাঙাশ ২০০ টাকা এবং পাবদা ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ছোট মাছের দামও তুলনামূলক কমেছে।

বারিধারা ডিওএইচএস-সংলগ্ন বাজারে মাছ কিনতে আসা সালেহ উদ্দিন বলেন, চার-পাঁচ দিন আগেও বড় রুই মাছের কেজি ৪৫০ টাকা দিয়ে কিনেছেন তিনি। বৃহস্পতিবার একই মাছ কিনেছেন ৩৫০ টাকায়। সবজির বাজারেও বিভিন্ন পণ্যের দাম কমেছে বলে জানান তিনি। তাঁর ধারণা, আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে।

ওই বাজারের মাছ বিক্রেতা মনির হোসেন বলেন, পূজার ছুটিতে অনেকেই গ্রামে চলে গেছেন। ফলে বাজারে ক্রেতার সংখ্যা কমেছে। মাছের সরবরাহ বেশি থাকলেও ক্রেতা কম থাকায় দাম কিছুটা কমেছে। তবে মাছের দাম নিয়মিত ওঠানামা করে।

চড়া মুরগি ও ডিমের দাম

মাছ ও সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মুরগির দাম কমেনি। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা, সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে।

জোয়ার সাহারা বাজারের আল্লাহর দান চিকেন হাউজের বিক্রেতা শওকত উল্লাহ বলেন, পাইকারি বাজারে মুরগির দাম বেশি থাকায় খুচরা পর্যায়ে দাম কমানো যাচ্ছে না।

ডিমের দামও ক্রেতাদের ভোগাচ্ছে। বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। বিক্রেতা মো. নাঈম বলেন, ডিমের দাম প্রতিদিনই বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে আপাতত দাম কমার সম্ভাবনা দেখছেন না তিনি।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!