অর্থনীতি

মজুরি বোর্ড গঠন হচ্ছে কাল, শ্রমিকদের আন্দোলনে থাকার কারণ নেই: শ্রমমন্ত্রী

আপডেট: নভে ০১, ২০২৬ : ০৪:১৮ এএম ৩ ০
মজুরি বোর্ড গঠন হচ্ছে কাল, শ্রমিকদের আন্দোলনে থাকার কারণ নেই: শ্রমমন্ত্রী

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল রোববার মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হওয়ায় শ্রমিকদের আন্দোলনে থাকার আর কোনো কারণ নেই।

শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, গতকাল শুক্রবার শ্রমিকনেতাদের সঙ্গে টানা পাঁচ ঘণ্টা আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএর নেতারাও শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি মেনে নিয়েছেন। বোর্ডে শ্রমিক প্রতিনিধিও রাখা হয়েছে। ফলে এ বিষয়ে আর কোনো বিরোধ থাকার কথা নয়।

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা মালিকদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেবেন।

তিনি বলেন, আগামী ৭ নভেম্বরের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে আলোচনা হয়েছে। এ অবস্থায় ভাঙচুর বা কারখানা বন্ধ রাখার প্রয়োজন নেই। এতে দেশের তৈরি পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।

কারখানা বন্ধ থাকলে বেতন পরিশোধে সমস্যা

শ্রমমন্ত্রী বলেন, বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজ করলেও বাইরে থেকে কিছু লোক এসে তাঁদের উত্তেজিত করার চেষ্টা করছেন। প্রকৃত শ্রমিক কারা এবং কারা আন্দোলনে অংশ নিচ্ছেন, তা ভিডিও চিত্রের মাধ্যমে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

কারখানা বন্ধ থাকলে উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করা না গেলে মালিকপক্ষ অর্থ পাবে না। এতে শ্রমিকদের বেতন পরিশোধেও সমস্যা তৈরি হতে পারে।

তিনি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের দাবি পূরণে সরকার ও মালিকপক্ষ উদ্যোগ নিয়েছে। তাই তৈরি পোশাকশিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। এ সময় বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএর সহসভাপতি মিজানুর রহমান ও রেজওয়ান সেলিমসহ সংগঠন দুটির অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!