অর্থনীতি

৬০ হাজার কোটি টাকার অর্থায়ন প্যাকেজের সুবিধা প্রকৃত উদ্যোক্তাদের দিতে হবে: গভর্নর

আপডেট: নভে ০৭, ২০২৬ : ০৬:০৯ এএম ৫ ০
৬০ হাজার কোটি টাকার অর্থায়ন প্যাকেজের সুবিধা প্রকৃত উদ্যোক্তাদের দিতে হবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন প্যাকেজের সুবিধা প্রকৃত উদ্যোক্তাদের কাছে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ কলকারখানা পুনরুজ্জীবিত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাই অর্থায়নের সুবিধা যেন প্রকৃত উদ্যোক্তারা পান, তা নিশ্চিত করতে হবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের সম্মেলনকক্ষে ব্যাংক ও অন্যান্য অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, বর্তমানে ব্যাংকঋণের সাধারণ সুদের হার ১২ থেকে ১৪ শতাংশ। এ উচ্চ সুদ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে উদ্যোক্তাদের জন্য বড় চাপ তৈরি করছে। তাঁদের স্বস্তি দিতে এবং স্থবির শিল্প খাত পুনরুজ্জীবিত করতে বিশেষ প্রণোদনা প্যাকেজের আওতায় ৪ থেকে ৮ শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে।

তিনি জানান, ৬০ হাজার কোটি টাকার এ প্যাকেজের মধ্যে ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এবং বাকি ৪১ হাজার কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে দেওয়া হবে।

সিলেট অঞ্চলে বন্ধ থাকা উৎপাদনমুখী শিল্প ও সেবা খাত পুনরায় সচল করার ওপর গুরুত্ব দেন গভর্নর। তিনি বলেন, প্যাকেজের সবচেয়ে বড় অংশ, ২০ হাজার কোটি টাকা, বন্ধ শিল্পকারখানা পুনর্গঠনে ব্যয় করা হবে। এ ছাড়া কৃষি ও পল্লি অর্থনীতি চাঙা করতে ১০ হাজার কোটি টাকা এবং বেকার তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

উদ্যোক্তা হবেন ৫ হাজার তরুণ

বেকার যুবসমাজকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগের কথা তুলে ধরে মো. মোস্তাকুর রহমান বলেন, চলতি নভেম্বর থেকেই এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৫ হাজার তরুণকে বাছাই করে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে।

এ প্রক্রিয়ায় ব্যাংক বা আমলাতান্ত্রিক কোনো হস্তক্ষেপ থাকবে না বলেও জানান তিনি।

জমির জামানত ছাড়াই কৃষিঋণের সুযোগ

প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের ঋণপ্রাপ্তি সহজ করার বিষয়ে গভর্নর বলেন, ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষকেরা প্রচলিত জমির জামানতের পরিবর্তে বিকল্প জামানত ব্যবহার করে সহজে ঋণ নিতে পারবেন।

মতবিনিময় সভায় সিলেটের বাণিজ্যিক ব্যাংকগুলোর আঞ্চলিক প্রধান, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা, নারী উদ্যোক্তা এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক খালেদ আহমদের সভাপতিত্বে সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকিং রেগুলেশন পলিসি ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তপাদার।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!