অর্থনীতি

বিবিএসকে স্বাধীন ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান করতে চায় সরকার: অর্থমন্ত্রী

আপডেট: নভে ০৯, ২০২৬ : ০৫:৫৩ এএম ৮ ০
বিবিএসকে স্বাধীন ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান করতে চায় সরকার: অর্থমন্ত্রী

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) সম্পূর্ণ স্বাধীন, নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার। প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন ও অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির স্বাধীনতা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার রাজধানীর বিবিএস মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান: টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বিবিএস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বিবিএসের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে চাই, যাতে প্রতিষ্ঠানটি কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই তার দায়িত্ব পালন করতে পারে। এ বিষয়ে আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং তা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান টেকসই উন্নয়ন, কার্যকর পরিকল্পনা এবং সুষ্ঠু সরকারি নীতি প্রণয়নের ভিত্তি। সরকারের আয়-ব্যয়ের হিসাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তথ্য। নির্ভুল তথ্য ছাড়া সামনে এগিয়ে যাওয়ার সুযোগ নেই।

তথ্যে কারসাজি করলে সরকারই প্রতারিত হয়

সরকারি পরিসংখ্যানে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আমির খসরু বলেন, রাজনৈতিক বা প্রশাসনিক উদ্দেশ্যে তথ্য বিকৃত কিংবা হেরফের করার চেষ্টা করা হলে সরকার নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, ‘কোনো সরকার যদি তথ্য-উপাত্তে কারসাজি করে, তাহলে মূলত তারা নিজেদেরই প্রতারিত করে। তারা এমন কিছু বিশ্বাস করাতে চায়, যা প্রকৃতপক্ষে সত্য নয়। এ ধরনের চর্চা সরকারের নেওয়া কর্মসূচি ও নীতিমালার সফল বাস্তবায়নকেও বাধাগ্রস্ত করে।’

অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক গণতান্ত্রিকীকরণের পাশাপাশি অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণও জরুরি। অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র কার্যকরভাবে চলতে পারে না। এ জন্য বিবিএসকে ক্ষমতায়ন ও আরও গণমুখী করা প্রয়োজন।

অতীতের পরিসংখ্যানের অসংগতি চিহ্নিত করতে সরকার তথ্য-উপাত্তের ফরেনসিক পর্যালোচনা শুরু করেছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, সমস্যার গভীরে না গেলে প্রকৃত কারণ চিহ্নিত করা এবং সংশোধনের পথ বের করা সম্ভব নয়। তবে এ পর্যালোচনাকে শুধু আগের সরকারের ত্রুটি খোঁজার অনুশীলন হিসেবে দেখা উচিত নয়।

নীতির চেয়ে বাস্তবায়নে গুরুত্ব

দেশে অনেক নীতি প্রণয়ন করা হলেও সেগুলোর বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক নীতি গ্রহণ করা হয়েছে, কিন্তু সেগুলোর বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার আমরা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছি।’

তিনি বলেন, সঠিক ও সহজলভ্য তথ্য সরকারের যথাযথ নীতি প্রণয়ন, গবেষকদের অর্থপূর্ণ গবেষণা এবং বৈষম্য চিহ্নিত করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণে সহায়তা করে।

সব তথ্য জনগণের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা

পরিসংখ্যান ও গবেষণার তথ্য সবার জন্য উন্মুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে আমির খসরু বলেন, সরকারি তথ্য শুধু সরকারের সম্পদ নয়, এর প্রকৃত মালিক জনগণ। এসব তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘কোনো কিছুই বন্ধ রাখা উচিত নয়। আমাদের উন্মুক্ত তথ্যপ্রাপ্তির দিকে এগিয়ে যেতে হবে। যত বেশি তথ্য সহজলভ্য করা যাবে, তত বেশি মতামত ও প্রতিক্রিয়া পাওয়া যাবে। এর মাধ্যমে আমরা নিজেদের ভুলগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন করতে পারব।’

গবেষণার সুযোগ-সুবিধা ও তথ্য অনলাইনে উন্মুক্ত করার পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। এতে আরও বেশি মানুষ গবেষণা ও তথ্য ব্যবহারের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আধুনিক পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তুলতে শক্তিশালী ডিজিটাল অবকাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি সরকারের ‘ওয়ান সিটিজেন, ওয়ান ওয়ালেট, ওয়ান কার্ড’ উদ্যোগের কথা উল্লেখ করেন। এ ধরনের ব্যবস্থা কার্যকর করতে নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্যভান্ডার প্রয়োজন বলে জানান তিনি।

বিবিএসের জনবল সংকট সমাধানের উদ্যোগ

বিবিএসের কর্মকর্তা-কর্মচারীদের, বিশেষ করে মাঠপর্যায়ে কর্মরতদের নিষ্ঠা ও সহযোগিতার প্রশংসা করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সরকারের উন্নয়ন কর্মসূচির সঙ্গে কার্যক্রমের সমন্বয়ে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিবিএসের জনবল সংকট ও পরিচালনাগত সমস্যার বিষয়েও সরকার অবগত রয়েছে জানিয়ে তিনি বলেন, এসব সমস্যা সমাধানে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার। স্বাগত বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক। জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার আধুনিকায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির পরিচালক কবির উদ্দিন আহমেদ।

এ ছাড়া আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন এবং বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!