অর্থনীতি

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা, সর্বোচ্চ ২৫ শতাংশ

আপডেট: নভে ০৯, ২০২৬ : ০৬:১৭ এএম ৭ ০
চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা, সর্বোচ্চ ২৫ শতাংশ

২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার বিপরীতে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ও পাওয়ার গ্রিড।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিগুলো লভ্যাংশসংক্রান্ত এ সিদ্ধান্ত জানিয়েছে। ঘোষণা অনুযায়ী, চার কোম্পানির মধ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। প্যারামাউন্ট টেক্সটাইল ঘোষণা করেছে ১৫ শতাংশ, পাওয়ার গ্রিড ৫ শতাংশ এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ১ শতাংশ নগদ লভ্যাংশ।

চার কোম্পানির লভ্যাংশের চিত্র

প্যারামাউন্ট টেক্সটাইল শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬১ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৫ টাকা ১৮ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ টাকা ১১ পয়সা এবং এনএভিপিএস ১২১ টাকা ৪৫ পয়সা। কোম্পানিটির এজিএমের তারিখ পরে জানানো হবে। তবে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

পাওয়ার গ্রিড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা এবং এনএভিপিএস ১৪৭ টাকা ২৯ পয়সা। আগামী ৬ ফেব্রুয়ারি কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১০ ডিসেম্বর।

অন্যদিকে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ১১ টাকা ১৬ পয়সা লোকসান হয়েছে। ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৬১ পয়সা। আগামী ২৭ ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!