অর্থনীতি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

আপডেট: নভে ১০, ২০২৬ : ০৫:১৬ এএম ৮ ০
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। এ ছাড়া নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ এ প্রস্তাব দেয়। তিন ঘণ্টার সভা শেষে সাংবাদিকদের যৌথ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারসহ বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মালিকপক্ষের প্রস্তাব জমায় আরও চার কার্যদিবস

সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন বলেন, ঢাকার আশপাশের শিল্পাঞ্চলে সাম্প্রতিক বিশৃঙ্খল পরিস্থিতির কারণে কারখানার কার্যক্রম সচল রাখার বিষয়টিতে মালিকদের বেশি মনোযোগ দিতে হচ্ছে। এ কারণে মজুরি প্রস্তাব তৈরির জন্য তাঁদের আরও সময় প্রয়োজন।

তিনি জানান, মালিকপক্ষ সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ডের সদস্যদের সম্মতিতে চার কার্যদিবস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই প্রস্তাব জমা দেওয়া হবে।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিকপক্ষকে চার কার্যদিবসের মধ্যে প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। আগামী সভায় তারা প্রস্তাব দিতে ব্যর্থ হলেও বোর্ড সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এগিয়ে নেবে। তাদের প্রস্তাবের জন্য বোর্ড অপেক্ষা করে থাকবে না।

শ্রমঘন শিল্পাঞ্চল পরিদর্শন করবেন বোর্ডের সদস্যরা

ব্রিফিংয়ে চেয়ারম্যান জানান, সভায় সর্বসম্মতিক্রমে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, শ্রমিকদের বাস্তব অবস্থা ও প্রত্যাশা সরাসরি জানতে চলতি সপ্তাহের মধ্যেই বোর্ডের সদস্যরা বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলের সব শ্রেণির পোশাক কারখানা পরিদর্শন করবেন।

এ ছাড়া মজুরি নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক সূচকগুলো পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের নিরপেক্ষ সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে। প্রয়োজনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মতামত নিতে পারবেন।

ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামোর লক্ষ্য

বোর্ডের চেয়ারম্যান এবং মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো নির্ধারণের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। তাঁদের আশা, ডিসেম্বর থেকেই নতুন মজুরি কাঠামো কার্যকর করা সম্ভব হবে। সে ক্ষেত্রে শ্রমিকেরা জানুয়ারির প্রথম সপ্তাহে বর্ধিত মজুরি হাতে পাবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!