পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন ও কারখানাগুলো স্থানান্তরের লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৩০৮ দশমিক ৩৩ একর জমিতে গড়ে তোলা হচ্ছে আধুনিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এ প্রকল্পের ৮৩ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানিয়েছেন। আজ সোমবার রাজধানীতে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন ও কারখানাগুলো মুন্সিগঞ্জের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থানান্তরের বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থানান্তরে সংশ্লিষ্টদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব
শিল্পমন্ত্রী বলেন, পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন স্থানান্তরের প্রক্রিয়া নির্বিঘ্ন ও সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার এমনভাবে স্থানান্তর কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে সাভারের চামড়া শিল্পনগরীর মতো কোনো জটিলতা তৈরি না হয়।
তিনি বলেন, উদ্যোগটির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য এবং ইউটিলিটি সেবা প্রদানকারী সংস্থাগুলোর প্রধানদের সম্পৃক্ত করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রকল্পটির প্রতি অংশীজনদের মালিকানাবোধ তৈরি করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
মন্ত্রী আরও বলেন, কারখানা চালুর প্রথম দিন থেকেই বর্জ্য পরিশোধনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান নির্ধারণ করা প্রয়োজন।
পার্কে থাকবে ১ হাজার ৫৩১টি শিল্প প্লট
শিল্প মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার গোয়ালখালী, চিত্রকোট ও কামারকান্দা মৌজায় ইছামতী নদীর তীরে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কটি গড়ে তোলা হচ্ছে। এখানে ১ হাজার ৫৩১টি শিল্প প্লট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শিল্পমন্ত্রী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এবার স্থানান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন, ধারাবাহিক ও সফল হবে। পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউনগুলো সরিয়ে নেওয়া গেলে নতুন স্থানে এ শিল্পের অগ্রযাত্রা আরও গতিশীল হবে।
সভায় সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, হামিদুর রহমান ও মো. আবদুল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!