বিনোদন

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জন, নীরবতা ভাঙলেন ম্রুণাল

আপডেট: জানু ১৮, ২০২৬ : ০৫:১৩ এএম ১১৩
ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জন, নীরবতা ভাঙলেন ম্রুণাল

বলিউড ও দক্ষিণী সিনেমার তারকা ধানুশ ও ম্রুণাল ঠাকুরকে ঘিরে বিয়ের গুঞ্জন নিয়ে কয়েক দিন ধরেই সরগরম বিনোদন অঙ্গন। ভালোবাসা দিবসে তাঁদের চার হাত এক হতে পারে—এমন কথাও ছড়িয়েছে বিভিন্ন মহলে। তবে এসব গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ম্রুণাল ঠাকুর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন ম্রুণাল। সেখানে দেখা যায়, নৌকার ওপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’। এই ক্যাপশন নিয়েই শুরু হয়েছে নানা আলোচনা। অনেক ভক্তের ধারণা, চারপাশে চলা গুজব ও জল্পনায় তিনি যে বিচলিত নন—এমন বার্তাই দিতে চেয়েছেন ম্রুণাল।

এদিকে, বিয়ের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র। ভারতীয় গণমাধ্যমে ওই সূত্রের বরাতে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে ম্রুণালের বিয়ের কোনো পরিকল্পনাই নেই। সে সময় তাঁর একটি বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি মার্চ মাসে মুক্তি পাবে তাঁর একটি তেলুগু ছবিও।

বর্তমানে ম্রুণাল ব্যস্ত সময় পার করছেন অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচারণা নিয়ে। এমন গুরুত্বপূর্ণ পেশাগত ব্যস্ততার মধ্যে বিয়ের মতো বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নই ওঠে না বলে মনে করছেন অনেকে।

অন্যদিকে ধানুশও সংবাদমাধ্যমে এ বিষয়ে মুখ খুলে বিয়ের খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। সব মিলিয়ে, ধানুশ-ম্রুণালের বিয়ে নিয়ে যে জল্পনা চলছে, তা আপাতত গুঞ্জনেই সীমাবদ্ধ থাকছে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে ম্রুণালের অভিনীত ‘সন অব সর্দার টু’ সিনেমার প্রিমিয়ারে ধানুশের উপস্থিতির পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। ৪২ বছর বয়সী ধানুশ ও ৩৩ বছর বয়সী ম্রুণালের বয়সের ব্যবধান নিয়েও তখন নানা চর্চা চলেছিল। তবে আপাতত সেই আলোচনায় ইতি টানারই ইঙ্গিত মিলছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!