বিনোদন

শারদীয় সাজে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান

আপডেট: অক্টো ১৭, ২০২৬ : ০৫:১২ এএম ৪ ০
শারদীয় সাজে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান

চুলে বেলি ফুলের গাজরা, পরনে ঐতিহ্যবাহী শাড়ি আর মুখে মিষ্টি হাসি—শারদীয় আবহে এমন সাজেই ভক্তদের নজর কেড়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুর্গাপূজার ষষ্ঠীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে বাঙালিয়ানার সাজে ধরা দিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) ভিডিওটি প্রকাশ করে ভক্তদের শারদীয় শুভেচ্ছা জানান অভিনেত্রী। ক্যাপশনে তিনি লেখেন, ‘উৎসব থাকুক চোখের তারায়, হাসিতে আর গল্পে; সবাইকে শারদীয়া শুভেচ্ছা।’

ভিডিওতে জয়ার পরনে দেখা গেছে অফহোয়াইট রঙের শাড়ি, যার পাড়জুড়ে রয়েছে গোলাপি নকশা। শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন ব্লাউজ। কানে ভারী দুল, হাতে অলংকার আর চুলে বেলি ফুলের গাজরা তাঁর সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ।

পুরোনো বাংলা গানে উৎসবের আবহ

ভিডিওর বিভিন্ন দৃশ্যে জয়া আহসানকে দেখা গেছে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসছেন, কখনো শাড়ির আঁচল সামলাচ্ছেন। আবার কখনো চুলের ফুল ঠিক করতে কিংবা হাতে গাজরা নিয়ে ধরা দিয়েছেন ক্যামেরায়।

ভিডিওতে পুরোনো বাংলা গান ‘তোমারই আছি’ যুক্ত করেছেন অভিনেত্রী। গানের সুরের সঙ্গে তাঁর সাবলীল উপস্থিতি মিলিয়ে তৈরি হয়েছে এক নান্দনিক আবহ। ভিডিওটি প্রকাশের পর ভক্তদের প্রশংসাও পাচ্ছেন তিনি। দৃশ্যগুলো ভারতের কলকাতায় ধারণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঐতিহ্যবাহী সাজেও আলাদা জয়া

অভিনয়ের পাশাপাশি পোশাক ও ফ্যাশন-সচেতনতার জন্যও অনুরাগীদের আগ্রহের কেন্দ্রে থাকেন জয়া আহসান। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো বাঙালির ঐতিহ্যবাহী সাজে নিজেকে উপস্থাপন করেন তিনি।

এবার দুর্গাপূজার আবহে তাঁর শাড়ি, ফুলের গাজরা ও স্নিগ্ধ হাসির সমন্বয়ে তৈরি সাজ ভক্তদের সামনে তুলে ধরেছে বাঙালিয়ানার এক নান্দনিক রূপ।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!