বিনোদন

বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমনি, বললেন ‘শুধু সরি বললেই দায় শেষ নয়’

আপডেট: অক্টো ১৮, ২০২৬ : ০৬:১৬ এএম ৫ ০
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমনি, বললেন ‘শুধু সরি বললেই দায় শেষ নয়’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি দুই অভিনেত্রীর বিকৃত ও আপত্তিকর ভিডিও সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে প্রকাশ করা হয়। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের পেজটি হ্যাক হয়েছিল এবং হ্যাকাররা ভিডিওগুলো পোস্ট করেছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করলেও বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন ভিডিওর শিকার অভিনেত্রী পরীমনি। তাঁর মতে, শুধু ক্ষমা চাইলেই এ ধরনের ঘটনার দায় শেষ হয়ে যায় না।

গতকাল রাতে ফেসবুক লাইভে এসে এ বিষয়ে কথা বলেন ‘স্বপ্নজাল’ সিনেমার অভিনেত্রী পরীমনি। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে নেতিবাচক আলোচনা ও কটূক্তিরও সমালোচনা করেন তিনি।

পরীমনি জানান, বিকৃত ভিডিওটি অনেক আগের। তবে এবার টেলিভিশন চ্যানেলটির ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ কারণে বিষয়টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন তিনি।

‘শুধু পেজ হ্যাক হওয়ার কথা বললেই হবে?’

চ্যানেলটির বক্তব্যের সমালোচনা করে পরীমনি বলেন, ‘ওরা এতবড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’

পরীমনির বক্তব্য, একটি বড় গণমাধ্যমের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে এ ধরনের ভিডিও প্রকাশের ঘটনা এবং তা ছড়িয়ে পড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

নেতিবাচক মন্তব্যের জবাব

বিকৃত ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা অতিরিক্ত মাতামাতি করেছেন, তাঁদেরও কটাক্ষ করেন পরীমনি। তিনি বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’

পরীমনির মতে, যাঁদের বোধবুদ্ধি রয়েছে, তাঁরা ভিডিওটি দেখে এড়িয়ে গেছেন। অন্যদিকে, যাঁরা বিষয়টি নিয়ে নেতিবাচক আলোচনা করেছেন, তাঁদের মানসিকতা নিয়েই প্রশ্ন তোলেন তিনি।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সকলেই দেখল। দেখার পর যারা এভয়েড করার দরকার, তারা স্কিপ করেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসেই এটা নিয়ে কথা বলছে।’

তিনি আরও বলেন, কেউ হজের মতো ধর্মীয় বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলেও তার মন্তব্যের ঘরে গিয়ে কেউ কেউ পরীমনির বিকৃত ভিডিওর লিংক থাকার দাবি করেছেন। এমন আচরণের সমালোচনা করে অভিনেত্রী বলেন, ‘ভুয়া একটা জিনিস নিয়ে তোমার এই অবস্থা, আসল হলে কী করতে!’

মুছে দিলেন ফেসবুক লাইভ

লাইভে আরও নানা বিষয়ে কথা বললেও পরে নিজের ফেসবুক পেজ থেকে সেটি সরিয়ে দেন পরীমনি। আজ সকালে এ বিষয়ে একটি স্ট্যাটাসও দেন তিনি। সেখানে লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’

উল্লেখ্য, সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। ‘সেপারেশন’ নামের সিনেমাটিতে তাঁর সঙ্গে রয়েছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!