বছর ঘুরে আবার এসেছে দুর্গাপূজা। ঢাকের বাদ্য আর শিউলি ফুলের সুবাসে চারদিকে উৎসবের আমেজ। এই আনন্দে মেতেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। পূজার বিশেষ সাজে ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছেন তাঁরা। এরই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী শারদীয় সাজে একগুচ্ছ ছবি প্রকাশ করে নজর কেড়েছেন মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমি।
রোববার (১৮ অক্টোবর) সপ্তমীর সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেন সেমন্তী। ঐতিহ্যবাহী পোশাক ও গয়নায় তাঁর সাজ ভক্তদের দৃষ্টি কেড়েছে।
পূজার সাজে সেমন্তীর পরনে ছিল সোনালি সুতার সূক্ষ্ম কাজ করা লাল পাড়ের সাদা শাড়ি। শাড়ির সঙ্গে ভারী ঐতিহ্যবাহী স্বর্ণালংকার তাঁর সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। খোঁপা করা চুলে গয়না, কানে ঝুমকা, গলায় কয়েক স্তরের মুক্তার মালা এবং কোমরে বিছা—সব মিলিয়ে বাঙালির চিরায়ত উৎসবের সাজে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
তাঁর সাজে বিশেষভাবে নজর কেড়েছে হাতের আলতা। হাত ও আঙুলে আলতার রাঙা ছোঁয়া যেন ফিরিয়ে এনেছে বাংলার ঐতিহ্যবাহী পূজার আমেজ।
প্রকাশিত ছবিগুলোতে নানা ভঙ্গিতে দেখা গেছে সেমন্তীকে। কোথাও হাসিমুখে চুল ঠিক করছেন, কোথাও তুলে ধরেছেন অলংকারে সাজানো হাত ও আলতা রাঙা আঙুল। আবার ঘাসের ওপর শুয়েও ছবি তুলেছেন তিনি। ছবিগুলো প্রকাশের পর ভক্ত ও নেটিজেনরা তাঁকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।
দুর্গোৎসব উপলক্ষে এর আগে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও পূজা চেরিও নিজেদের নতুন ছবি প্রকাশ করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের ছবিতেও ভক্তরা জানিয়েছেন উৎসবের শুভেচ্ছা।
দুর্গাপূজার আনন্দঘন এই সময়ে তারকাদের বর্ণিল সাজ ও শুভেচ্ছাবার্তা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দিচ্ছে। ভক্তদের প্রত্যাশা, সবার জন্য আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে কাটুক শারদীয় উৎসবের দিনগুলো।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!