বিনোদন

এক বছর ধরে বিজয়কে বিয়ের কথা বলেছিলেন রাশমিকা

আপডেট: অক্টো ১৯, ২০২৬ : ০৫:৫২ এএম ৫ ০
এক বছর ধরে বিজয়কে বিয়ের কথা বলেছিলেন রাশমিকা

বিয়ের প্রস্তাব কে আগে দিয়েছিলেন—এ নিয়ে প্রেমিক-প্রেমিকাদের গল্পে কৌতূহলের শেষ নেই। দক্ষিণি তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেমের গল্পেও আছে এমন মজার অধ্যায়। বিজয়ের কাছ থেকে বিয়ের প্রস্তাবের অপেক্ষায় না থেকে বরং নিজেই এক বছর ধরে তাঁকে বিয়ের কথা বলেছিলেন রাশমিকা।

সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ ৯’-এর নতুন পর্বের ট্রেলারে নিজেদের সম্পর্কের এমন মজার অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই তারকা দম্পতি।

ট্রেলারে করণ বিজয়কে প্রশ্ন করেন, তিনি কি রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? উত্তরে রাশমিকা মাথা নেড়ে অসম্মতি জানান। এরপর বিজয় বলেন, ‘ও-ই বলেছিল, চলো বিয়ে করি।’

বিষয়টি নিয়ে মজা করে বিজয় আরও বলেন, রাশমিকা তাঁকে প্রায় ১০০ বার বিয়ের কথা জিজ্ঞাসা করেছিলেন। করণ তখন রাশমিকার কাছে জানতে চান, সত্যিই কি তিনি এতবার বিজয়কে বিয়ের কথা বলেছিলেন? হেসে রাশমিকা বলেন, ‘আমি তো পুরো এক বছর ধরেই ওকে বলেছি।’

রাশমিকার এমন স্বীকারোক্তিতে অবাক হয়ে যান করণ। পরিস্থিতি সামাল দিতে বিজয় মজার ছলে বলেন, ‘আমি তো আর খারাপ মানুষ নই!’ দম্পতির এই কথোপকথনে উঠে এসেছে তাঁদের ব্যক্তিগত জীবনের খুনসুটির নানা দিক।

২০১৮ সালে তেলুগু রোমান্টিক সিনেমা ‘গীতা গোবিন্দম’-এ একসঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে বিজয় ও রাশমিকার পরিচয়। পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতেও জুটি বাঁধেন তাঁরা। পর্দায় তাঁদের রসায়ন দর্শকের প্রশংসা পাওয়ার পাশাপাশি বাস্তব জীবনেও প্রেমের গুঞ্জন ছড়ায়। তবে দীর্ঘদিন নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি এই দুই তারকা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাঁদের প্রেম ও সম্পর্কের নানা গল্প নিয়ে অনুরাগীদের আগ্রহ আরও বেড়েছে। বিয়ের আয়োজনে তেলুগু ও কোডাভা—দুই ঐতিহ্যেরই ছাপ ছিল।

এদিকে রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ‘রানাবালি’ ছবিতে আবারও একসঙ্গে দেখা যাচ্ছে বিজয় ও রাশমিকাকে। ১৬ অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!