শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। উৎসবের আমেজে শামিল হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। পূজামণ্ডপে ঘুরে বেড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন উৎসবের মুহূর্ত। সেই ধারাবাহিকতায় মহাষ্টমীর সাজে নজর কেড়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরি।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন পূজা। ছবিতে লাল পাড়ের সাদা শাড়ি, হাতে চুড়ি আর গলায় হালকা গয়নায় দেখা যায় তাঁকে। সাধারণ অথচ স্নিগ্ধ সাজে পূজার আবহে নিজেকে তুলে ধরেছেন এই অভিনেত্রী।
ছবিগুলো দেখে ধারণা করা যায়, মহাষ্টমীতে কোনো গ্রামের পূজামণ্ডপে গিয়েছিলেন পূজা। মণ্ডপের পাশাপাশি সেখানকার একটি পুকুরের সামনেও ছবি তুলেছেন তিনি।
ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা—সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা। মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। সকলকে জানাই শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।’
পূজার ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুসারীদের কাছ থেকেও মিলেছে নানা প্রশংসাসূচক মন্তব্য। কেউ তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ আবার সরাসরি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘সুন্দরতম মানবী। ভালোবাসি তোমাকে।’ আরেকজন লিখেছেন, ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা।’
উল্লেখ্য, পূজা চেরিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির কাজ অবশ্য বেশ আগে শেষ হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর জানাননি এই অভিনেত্রী। এর মধ্যে তাঁর ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও বিয়ে নিয়ে বিভিন্ন গুঞ্জনও আলোচনায় এসেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!